বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১৫ আগস্ট, ২০২৬
নারী

খালেদা জিয়ার ৮০তম জন্মদিন আজ

images (16)

বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন এক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নারী নেতৃত্ব। ১৯৪৬ সালের ১৫ আগস্ট জলপাইগুড়িতে জন্ম নেওয়া খালেদা খানম পুতুল পরবর্তী সময়ে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে স্থান করে নেন। গৃহবধূ থেকে জাতীয় রাজনীতির শীর্ষ নেতৃত্বে উঠে আসার তার যাত্রা ছিল নানা প্রতিকূলতা ও সংগ্রামে ভরা।

১৯৮১ সালে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনৈতিক সংকটের সময়ে খালেদা জিয়া বিএনপির রাজনীতিতে যুক্ত হন। ১৯৮২ সালে দলের প্রাথমিক সদস্যপদ নেওয়ার পর দ্রুত নেতৃত্বের গুরুত্বপূর্ণ পর্যায়ে উঠে এসে ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন হন। এরপর এরশাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন।

১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি জয়ী হলে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। তার নেতৃত্বে দেশে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়। তার সরকারের সময়ে প্রাথমিক শিক্ষা, নারী শিক্ষা ও সামাজিক উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।

২০০১ সালে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। তবে রাজনৈতিক জীবনের শেষ দুই দশক ছিল নানা সংকট, মামলা, কারাবাস ও শারীরিক অসুস্থতায় পূর্ণ। ২০০৭ সালে গ্রেপ্তার এবং ২০১৮ সালে কারাবন্দিত্ব তার জীবনের কঠিন অধ্যায়গুলোর অন্যতম। পরে অসুস্থতার কারণে শর্তসাপেক্ষে মুক্তি পান।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মারা যান বেগম খালেদা জিয়া। তার মৃত্যুর পরও বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব ও উত্তরাধিকার আলোচিত। বিশেষ করে একজন নারী হিসেবে পুরুষপ্রধান রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন একটি বড় দলের নেতৃত্ব দেওয়া এবং তিনবার প্রধানমন্ত্রী হওয়ার ঘটনা তাকে বাংলাদেশের নারী নেতৃত্বের ইতিহাসে অনন্য অবস্থানে রেখেছে।

খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল সাফল্য, সংগ্রাম, বিতর্ক ও প্রতিকূলতার সমন্বয়ে গড়া। তবে গৃহবধূ থেকে দেশের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বে উঠে আসার তাঁর পথচলা বাংলাদেশের রাজনীতিতে নারীর নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

Advertisements
খালেদা জিয়াজন্মদিন