বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ৯ আগস্ট, ২০২৬
বিবিধ

হাড়ে ছড়িয়েছে ক্যানসার, তীব্র যন্ত্রণায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট

1786246281-1a7bd766573a24b2551ee812542b8527

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর প্রোস্টেট ক্যানসার হাড়সহ শরীরের অন্যান্য দূরবর্তী অংশে ছড়িয়ে পড়েছে। এতে তিনি তীব্র শারীরিক যন্ত্রণার পাশাপাশি দুর্বলতাও অনুভব করছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে হান্টার বাইডেন।

শনিবার (৮ আগস্ট) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন হান্টার। তিনি জানান, বাইডেনের অসুস্থতা প্রত্যক্ষ করা পরিবারের জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক। ক্যানসার শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ায় তাঁর বাবাকে অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হচ্ছে।

হান্টার বাইডেন বলেন, পরিস্থিতি ভালো নয়। বাবার কষ্টের কথা আরও খোলাখুলিভাবে প্রকাশ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। তবে শারীরিক অসুস্থতার মধ্যেও দেশের প্রতি গভীর বিশ্বাস থেকে বাইডেন এখনও সক্রিয় থাকার চেষ্টা করছেন বলে জানান তাঁর ছেলে। ২০২৫ সালের মে মাসে জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসকেরা তখন এটিকে আগ্রাসী ধরনের ক্যানসার হিসেবে চিহ্নিত করেন। পরে তাঁর চিকিৎসায় হরমোন থেরাপি ও রেডিয়েশন থেরাপি ব্যবহার করা হয়। তবে পরবর্তীতে রোগটি শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে।

বিবিসির ওই দীর্ঘ সাক্ষাৎকারে হান্টার বাইডেন তাঁর বাবার প্রেসিডেন্ট মেয়াদের শেষ দিকে নেওয়া একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েও কথা বলেন। সেটি ছিল তাঁর নিজের জন্য জো বাইডেনের দেওয়া ক্ষমা। হান্টার বলেন, বাবার কাছ থেকে পাওয়া ওই ক্ষমার জন্য তিনি নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করেন এবং এ সিদ্ধান্তের জন্য বাবার প্রতি চিরকৃতজ্ঞ।

Advertisements

২০২৪ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার কিছুদিন আগে হান্টার বাইডেনকে বিশেষ ক্ষমা দেন জো বাইডেন। এর ফলে হান্টারের বিরুদ্ধে চলমান কেন্দ্রীয় আগ্নেয়াস্ত্র ও কর-সংক্রান্ত মামলায় দেওয়া দণ্ড কার্যকর হওয়ার পথ বন্ধ হয়ে যায়। এর আগে ছেলেকে ক্ষমা না করার বিষয়ে যে অবস্থান নিয়েছিলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে তা থেকে সরে আসেন সাবেক প্রেসিডেন্ট।

Advertisements
ক্যানসারজো বাইডেনযুক্তরাষ্ট্র