১৩ জুলাইয়ের তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, গত ১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার তিনটি বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে। তিনি জানান, ওই দিন যারা পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ে পরীক্ষা দিতে পারেননি, তারা নির্ধারিত নিয়ম অনুযায়ী নিবন্ধন করে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শিক্ষামন্ত্রী বলেন, শুধুমাত্র ১৩ জুলাই অনুপস্থিত থাকা শিক্ষার্থীরাই পুনরায় অনুষ্ঠিতব্য এই পরীক্ষায় অংশ নিতে পারবেন।
যেসব শিক্ষার্থী আগের পরীক্ষায় অংশ নিয়েছেন কিন্তু তাদের পরীক্ষা ভালো হয়নি, তারা নতুন করে পরীক্ষার সুযোগ পাবেন কি না—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এটি সম্ভব নয়। তিনি জানান, যেসব প্রশ্নে ভুল ছিল, সেসব বিষয়ে শিক্ষার্থীদের নম্বর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাই যারা ইতোমধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন, তাদের জন্য আবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে না।
এর আগে গত ১৩ জুলাই দেশের ৫৯টি জেলায় (চট্টগ্রামের পাঁচ জেলা বাদে) এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিন ভারি বৃষ্টি ও বিভিন্ন স্থানে জলাবদ্ধতার মধ্যেও পরীক্ষা নেওয়া হয়। এতে অনেক শিক্ষার্থী ভোগান্তিতে পড়েন এবং বিষয়টি নিয়ে ব্যাপক অসন্তোষ তৈরি হয়।
পরিস্থিতির প্রতিবাদে ১৪ জুলাই সারা দেশের পরীক্ষার্থীরা আন্দোলনে নামেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ১৩ জুলাই অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা—এই তিনটি বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।



