মক্কার জাদুঘরে দুর্লভ কোরআন, দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্র

মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্টে অবস্থিত পবিত্র কোরআন জাদুঘর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। জাদুঘরটিতে সংরক্ষিত রয়েছে পবিত্র কোরআনের ইতিহাস, সংরক্ষণ ও মুদ্রণের সঙ্গে সম্পর্কিত নানা দুর্লভ নিদর্শন।
সংগ্রহের অন্যতম প্রধান আকর্ষণ ১৯০৬ সালে রাশিয়ার কাজানে মুদ্রিত পবিত্র কোরআনের একটি বিরল কপি। প্রদর্শনীতে থাকা এই কোরআনে বিভিন্ন ধরনের পান্ডিত্যপূর্ণ ব্যাখ্যা ও মার্জিন নোট সংযুক্ত রয়েছে। এসব টিকা যুগের পর যুগ কোরআনের আয়াতের ব্যাখ্যা ও অর্থ অনুধাবনে আলেম ও গবেষকদের অবদানের গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়।
আধুনিক ইন্টারঅ্যাকটিভ প্রযুক্তির মাধ্যমে জাদুঘরটি কোরআনের লেখা, সংকলন, সংরক্ষণ এবং মুদ্রণের ইতিহাস দর্শনার্থীদের সামনে তুলে ধরছে। এখানে প্রদর্শিত দুর্লভ পাণ্ডুলিপি, শিল্পকর্ম ও কোরআনের বিভিন্ন কপি কোরআন নাজিল হওয়ার সময় থেকে শুরু করে বিভিন্ন যুগে এর সংরক্ষণ ও মুদ্রণের বিবর্তন সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়।
সৌদি আরবের মক্কায় অবস্থিত হেরা কালচারাল ডিস্ট্রিক্ট বর্তমানে গুরুত্বপূর্ণ একটি সাংস্কৃতিক গন্তব্য হিসেবে পরিচিতি পেয়েছে। পবিত্র কোরআনের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহী দর্শনার্থীদের জন্য কোরআন জাদুঘরটি শিক্ষামূলক ও জ্ঞানসমৃদ্ধ এক অনন্য অভিজ্ঞতার সুযোগ করে দিচ্ছে।



