কিউএস র্যাঙ্কিংয়ে টানা তৃতীয়বার দেশের শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

বিশ্বখ্যাত শিক্ষা ও গবেষণা মূল্যায়নকারী প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ২০২৭ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে আবারও দেশের সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে বিশ্বের শীর্ষ ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যেও জায়গা ধরে রেখেছে দেশের প্রাচীন এই বিদ্যাপীঠ।
এর আগে টানা দুই বছরও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়েও সেই অবস্থান অক্ষুণ্ন রয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের ১ হাজার ৫০৪টি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও বিভিন্ন মানদণ্ড বিশ্লেষণ করে এ বছরের র্যাঙ্কিং প্রস্তুত করেছে কিউএস।

বিশ্ববিদ্যালয়গুলোর মান নির্ধারণে মোট নয়টি সূচক ব্যবহার করা হয়। প্রতিটি সূচকের সর্বোচ্চ স্কোর ১০০ এবং এসব সূচকের গড় স্কোরের ভিত্তিতেই চূড়ান্ত অবস্থান নির্ধারণ করা হয়। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্কোর ২৮ দশমিক ৩।
র্যাঙ্কিংয়ের বিভিন্ন সূচকের মধ্যে কর্মসংস্থান ফলাফল (Employment Outcomes) বিভাগে সবচেয়ে ভালো করেছে বিশ্ববিদ্যালয়টি। এ সূচকে তাদের স্কোর ৯৫, যা স্নাতকদের কর্মক্ষেত্রে সফলতা ও গ্রহণযোগ্যতার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।
নিয়োগদাতাদের কাছে বিশ্ববিদ্যালয়ের সুনাম (Employer Reputation) সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছে ৫০ দশমিক ৮ স্কোর। এটি চাকরিদাতাদের দৃষ্টিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইতিবাচক ভাবমূর্তি ও দক্ষতার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
এ ছাড়া আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক (International Research Network) সূচকে বিশ্ববিদ্যালয়টির স্কোর ৬১ দশমিক ১। আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধির ক্ষেত্রেও এটি ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দেয়।
টেকসই উন্নয়ন (Sustainability) সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্জন করেছে ৬০ দশমিক ৬ স্কোর। পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়বদ্ধতা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকার ও কার্যক্রম এ সূচকের মাধ্যমে প্রতিফলিত হয়েছে।
অন্যদিকে, সাইটেশনস পার ফ্যাকাল্টি এবং শিক্ষক-শিক্ষার্থী অনুপাত সূচকে বিশ্ববিদ্যালয়টির স্কোর যথাক্রমে ৮ ও ৮। আন্তর্জাতিক শিক্ষক অনুপাত সূচকে ২ এবং আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত সূচকে ১ দশমিক ৪ স্কোর অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, সাম্প্রতিক বছরগুলোতে গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা, শিক্ষার মানোন্নয়ন এবং কর্মসংস্থান সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগের ইতিবাচক প্রতিফলনই কিউএস র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ফুটে উঠেছে।



