বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
নারী

শহীদ মিনারে ‘খনা’-র শততম প্রদর্শনী আজ

khona-cover-20250112163721

খনার বচন কথাটি আমরা প্রায়ই শুনে থাকি। কিন্তু কে ছিলেন এই খনা? সিংহলের রাজকন্যা খনা, যার আরেক নাম লীলাবতী জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী নারী। ভারতবর্ষের ইতিহাসে খনা ও তার বচন বহন করে সুগভীর জ্ঞানচর্চা ও প্রজ্ঞার স্বাক্ষর; যেখানে কৃষি, পরিবেশ, বাস্তুবিদ্যা, জ্যোতির্বিদ্যা ও চিকিৎসাশাস্ত্রের পারস্পরিক নির্ভরশীলতা এবং মানুষের মঙ্গলের কথা উঠে আসে। সেই খনার বচন ও উপকথাকে নাট্যরূপ দিয়ে নির্মিত ‘খনা’র শততম মঞ্চায়ন ঘিরে গতকাল (১০ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে দুই দিনের ব্যতিক্রম এক উৎসব। নাট্যদল বটতলার প্রযোজনা ‘খনা’ রচনা করেছেন সামিনা লুৎফা নিত্রা, নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।

২০১০ সালের মার্চে প্রথম মঞ্চায়নের পর থেকে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে নিয়মিত মঞ্চস্থ হয়ে আসছে নাটকটি। খনা পরিচিত তার বচনের জন্য। কৃষি, আবহাওয়া, গৃহনির্মাণ থেকে শুরু করে চিকিৎসা, বিভিন্ন বিষয়ে তার নামে প্রচলিত বচন কেবল বাংলাতেই নয়, ছড়িয়ে আছে বিহার, আসাম থেকে ওডিশা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে। লোককথা অনুযায়ী, লীলাবতী বা খনা ছিলেন জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক নারী; তার স্বামী মিহির ও শ্বশুর বরাহ মিহির উভয়ই জ্যোতিষশাস্ত্রের সঙ্গে যুক্ত। পুত্রবধূর জ্ঞান ও খ্যাতিতে শ্বশুরের ঈর্ষা এবং তারই পরিণতিতে জিভ কর্তনের নির্মম ঘটনা, এই আখ্যানই নাটকের মূল উপজীব্য। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ৯৯টি প্রদর্শনী। আয়োজকেরা জানান, আন্তর্জাতিক নারী দিবসের শততম বর্ষপূর্তি উপলক্ষে ২০১০ সালের ৯ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারেই সহস্র দর্শকের সামনে নাটকটির যাত্রা শুরু হয়েছিল। সেই স্মৃতিবাহী স্থানেই ফিরে এসে শততম মঞ্চায়নের আয়োজন—যেখানে অতীতের ধারাবাহিকতা আর বর্তমানের শিল্পচর্চা একসূত্রে মিলেছে। আজ শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসব চলবে, সন্ধ্যায় শুরু হবে ঢাকার মঞ্চে আলোচিত এ নাটকের ১০০তম প্রদর্শনী।

শততম মঞ্চায়নকে কেন্দ্র করে শহীদ মিনার প্রাঙ্গণে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। শুধু নাটক মঞ্চায়নের ভেতর সীমাবদ্ধ নয়, বরং শুক্রবার থেকে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক উৎসবের আবহ তৈরি হয়েছে শহীদ মিনার প্রাঙ্গণে। আজ শনিবার (১১ এপ্রিল) দিনভর মেলা ও সাংস্কৃতিক আয়োজন চলবে। সন্ধ্যা সাতটায় কেন্দ্রীয় শহীদ মিনারের মঞ্চে প্রদর্শিত হবে খনার শততম মঞ্চায়ন। শেষে রয়েছে শততম মঞ্চায়নের স্মারক উপহার প্রদান।

খনাপ্রদর্শনীশততম খনাশহীদ মিনার