জাইমা রহমান-এর চেলসি সুযোগ নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি: ব্যাখ্যা দিলেন আমিনুল হক

জাইমা রহমানের ফুটবল প্রেম এবং যুক্তরাজ্যের বিখ্যাত ক্লাব চেলসির বয়সভিত্তিক দলে তার সুযোগ পাওয়ার প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ফুটবল প্যাশন এবং চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়া সংক্রান্ত সাম্প্রতিক আলোচনা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হচ্ছে উল্লেখ করে তিনি প্রকৃত ঘটনা সংবাদমাধ্যমকে জানান।তিনি জানান, লন্ডনে স্কুলে পড়ার সময় জাইমা রহমান ফুটবল খেলতেন এবং গোলরক্ষক হিসেবে ভালো দক্ষতা দেখিয়েছিলেন। সেই সূত্রেই চেলসির বয়সভিত্তিক দলে খেলার একটি সুযোগ এসেছিল বলে তিনি শুনেছেন। এ বিষয়ে তিনি তথ্যটি পেয়েছিলেন জাইমার বাবা তারেক রহমান-এর কাছ থেকেই।
আমিনুল হক আরও বলেন, জাইমা রহমানের খেলাধুলার প্রতি আগ্রহ থাকলেও তার বাবা-মা—তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান—মেয়েকে লেখাপড়ায় বেশি মনোযোগ দিতে উৎসাহিত করেন। ক্রীড়াপ্রেমী পরিবার হওয়া সত্ত্বেও তারা মেয়ের শিক্ষাকে অগ্রাধিকার দেন। প্রতিমন্ত্রী জানান, একসময় মিরপুরে ক্রিকেট খেলা দেখতে গিয়ে জাইমা রহমানের সঙ্গে তার গোলকিপিং নিয়ে কথা হয়েছিল। সে সময় জাইমা তাকে বলেন, “আঙ্কেল, আমি কিন্তু স্কুলে আপনার মতো গোলরক্ষক ছিলাম।” লম্বা গড়নের কারণে স্কুল পর্যায়ে গোলরক্ষক হিসেবে তিনি স্বচ্ছন্দ ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় প্রকৃত ঘটনা স্পষ্ট করতেই তিনি এ ব্যাখ্যা দেন বলে জানান প্রতিমন্ত্রী।


