পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ

মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলকে ৫৪ রানে হারিয়ে শিরোপার লড়াইয়ে উঠেছে ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন দল।
এর আগে প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত ‘এ’। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। ২০২৩ সালে এই টুর্নামেন্টের প্রথম আসরেও ফাইনালে এই দুই দল খেলেছিল যেখানে শিরোপা জিতেছিল ভারত। এবার সেই স্মৃতি বদলে দেওয়ার সুযোগ বাংলাদেশের সামনে।
ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে সেমিফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে খুব বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তারা করে ১১০ রান। শুরুটা ছিল ধীরগতির। প্রথম ১০ ওভারে ৪৪ রান তুলতেই ৩ উইকেট হারায় দল। তবে অধিনায়ক ফাহিমা খাতুন দায়িত্ব নিয়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। ৩২ বলে ৫টি চারের সাহায্যে অপরাজিত ৪০ রান করেন তিনি। এছাড়া সারমিন সুলতানা ১৫, শামিমা সুলতানা ১৩ এবং ইসমা তানজিম ১২ রান যোগ করেন।
মাঝারি এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে পাকিস্তান। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি তারা। মাত্র ৩০ রানেই অর্ধেক ব্যাটার সাজঘরে ফিরে যান। এরপর আর ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি পাকিস্তান। শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে ৫৬ রানে অলআউট হয়ে যায় তারা।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শাওয়াল জুলফিকার। এছাড়া হাফসা খালিদ ১২ এবং উসরা আমির করেন ১১ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সানজিদা আক্তার মেঘলা। বাঁহাতি এই স্পিনার মাত্র ৬ রান দিয়ে নেন ৩ উইকেট। একই খরচায় ২ উইকেট তুলে নেন অধিনায়ক ফাহিমা খাতুন। ফারিহা তৃষ্ণা, ফাতেমা জাহান ও ফারজানা ইয়াসমিন একটি করে উইকেট শিকার করেন।
ব্যাট ও বল দুই বিভাগেই দারুণ অবদান রাখায় ম্যাচসেরার পুরস্কার জেতেন ফাহিমা খাতুন। তার নেতৃত্বেই এখন ফাইনালে ভারতের বিপক্ষে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।



