বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১৮ জুলাই, ২০২৬
বিবিধ

নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

un_flag

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আজ বুধবার বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই আহ্বান পুনর্ব্যক্ত করে।

বিবৃতিতে বলা হয়, সব নারী ও মেয়ে, প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষদের -নিরাপদ ভোট ও প্রার্থী হওয়ার অধিকার নিশ্চিত করা একটি মৌলিক অধিকার।

বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় বলেছে, রাজনৈতিক নেতা–কর্মী, সাংবাদিক, মানবাধিকার রক্ষাকারীসহ জনজীবন–সংশ্লিষ্ট কাজে কর্মরত নারীরা জানাচ্ছেন, সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি ও ছবি বিকৃত করে অপব্যবহারসহ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরিবর্তিত বা যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্টের ঘটনা বাড়ছে।

নির্বাচনের আগে বিভিন্ন নারী সংগঠনসহ নাগরিক সমাজ নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা–হয়রানি, বিশেষ করে অনলাইন সহিংসতা নিয়ে যে উদ্বেগ জানিয়েছে, সে বিষয়ে বিশ্বসংস্থাটি সচেতন বলে উল্লেখ করে বাংলাদেশে জাতিসংঘ কার্যালয়। এছাড়াও জাতিসংঘ সব রাজনৈতিক দল, নেত্রী ও সমর্থকদের নারীর প্রতি হুমকি, হয়রানি বা সহিংসতার শূন্য-সহনশীলতা নীতি গ্রহণ করতে অনুরোধ করেছে।

Advertisements

বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় আরও বলছে, তারা বিশ্বাস করে যে, কর্তৃপক্ষ নিরাপত্তা, আইনের শাসন এবং প্রতিটি ব্যক্তির অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য পদক্ষেপ অব্যাহত রাখবে। সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ সবসময় সরকারের পাশে থেকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Advertisements