১০ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৬ ভাদ্র ১৪৩৩
বিনোদন

জন্মদিনে কোক স্টুডিওর উপহার পেলেন রুনা লায়লা

WhatsApp Image 2025-11-17 at 7.28.49 PM

উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লার আজ জন্মদিন। ছয় দশকেরও বেশি সময় ধরে গান করে শ্রোতামন জয় করা এই শিল্পী ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান উপহার দিয়েছেন। জন্মদিনের বিশেষ দিনটিও কাটছে তাঁর বরাবরের মতো সহজ-স্বাভাবিক আবহে—পরিবার, সহকর্মী, বন্ধু এবং ভক্তদের শুভেচ্ছায়।

সকালে থেকেই চলছে শুভেচ্ছা আর ফোনকল। সন্ধ্যায় ঘনিষ্ঠজনদের আগমন। সামাজিক মাধ্যমে ভক্তদের লেখা বার্তাও মনোযোগ দিয়ে পড়েন তিনি। নিজের বয়স প্রসঙ্গে রুনা লায়লার হালকা রসিকতা—মনের বয়স এখনও তারুণ্যে।

জন্মদিন উপলক্ষে কোক স্টুডিও বাংলায় প্রকাশ পেয়েছে তাঁরই জনপ্রিয় গান ‘দমা দম মাস্ত কালান্দার’–এর নতুন সংস্করণ। রেকর্ড অনেক আগে শেষ হলেও কার্যক্রম বন্ধ থাকায় প্রকাশে এসেছে দেরি। গানটিকে তিনি জন্মদিনের বিশেষ উপহার হিসেবে দেখছেন। এই গানই তাঁকে ভারতে পরিচিত করেছিল ‘দামদাম গার্ল’ নামে—ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মোড় ঘোরানো একটি সফলতা।

আজই প্রকাশিত হচ্ছে তাঁকে নিয়ে লেখা কথাসাহিত্যিক আবদুল্লাহ আল মুক্তাদিরের উপন্যাস ‘মায়ার সিংহাসন’। প্রকাশ করেছে চন্দ্রবিন্দু প্রকাশন। রুনা লায়লা মনে করেন, তাঁর দীর্ঘ শিল্পীজীবনকে কেন্দ্র করে লেখা এই বইটি শ্রোতা–পাঠকের কাছে নতুন মাত্রা যোগ করবে।

গানের সঙ্গে এত বছর কীভাবে কেটে গেল—এ নিয়ে বিস্ময় প্রকাশ করেন রুনা লায়লা। কৃতজ্ঞতা জানান সৃষ্টিকর্তা, পরিবার, গুরু এবং শ্রোতাদের প্রতি। দীর্ঘসময় সুরে-গানে নিজেকে ধরে রাখার পেছনে তিনি গুরুত্ব দেন নিয়মতান্ত্রিক জীবনযাপন, ইতিবাচক মনোভাব, রেওয়াজ, সঠিক খাদ্যাভ্যাস ও মানসিক সুস্থতায়।

বর্তমান প্রজন্মের অনেক সংগীতশিল্পীর কাজ তাঁর প্রশংসা কুড়ায়। তাঁদের জন্য তাঁর পরামর্শ—ধারাবাহিকতা বজায় রাখা এবং শুদ্ধ সুরে নিজেকে গড়ে তোলার ওপর জোর দেওয়া।

১৮ ভাষায় গান গাওয়া প্রসঙ্গে তিনি মনে করেন—শেখার মন থাকলে ভাষা বাধা হয় না। ছোটবেলা থেকেই বহু ভাষার গান শোনার অভ্যাস তাঁকে দিয়েছে বহুমুখী কণ্ঠসত্তা। তাঁর কাছে গান মানেই আবেগ, আর সেই আবেগ সব ভাষায় একই।

দীর্ঘ পথচলায় ভক্তদের ভালোবাসাকে তিনি নিজের সবচেয়ে বড় প্রাপ্তি মনে করেন। তাদের উদ্দেশে তাঁর প্রতিশ্রুতি— “যতদিন পারব, আপনাদের জন্য গাইব।”

Advertisements