২১ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

‘অন্তর্জালে’ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হবেন মিম

image-2160-1624363832

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে নির্মিত হচ্ছে  থ্রিলার ধাঁচের চলচ্চিত্র ‘অন্তর্জাল’। যেখানে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে। গতকাল ২১ জুন  প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিওসের কার্যালয়ে তিনি চুক্তিস্বাক্ষর করেন।  

গতকাল সন্ধ্যায় চুক্তিস্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন প্রযোজক সাদেকুল আরেফীন ও সহ-প্রযোজক শাহ আমীর খসরু। ছবিটি পরিচালনা করবেন খ্যাতিমান নির্মাতা দীপংকর দীপন। তিনি বলেন, 'সাইবার হামলার ক্ষেত্রে দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিজিডি ই-গভ সার্টের একজন কর্মকর্তা হিসেবে প্রতিনিধিত্ব করবেন বিদ্যা সিনহা মিম। '

নির্মাতা দীপংকর দীপন সিনেমাটি নিয়ে আরো বলেন, দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিতকল্পে গঠিত কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সার্ট) সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোগুলোতে তথ্য নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এছাড়া প্রযুক্তির দুনিয়ায় নারীদের অংশগ্রহণের হার খুবই কম। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নারীদের প্রযুক্তিক্ষেত্রে কাজের সুযোগ বাড়ছে। প্রযুক্তি খাত ও সাইবার দুনিয়ায় নারীদের অংশগ্রহণে অনুপ্রেরণা তৈরিতে ছবিটিতে যুক্ত হয়েছেন বিদ্যা সিনহা মিম।

অন্যদিকে এ বিষয়ে বিদ্যা সিনহা মিম বলেন,  'বাংলাদেশের অনেক কম মানুষই সার্ট বিষয়ে জানেন। আমার চরিত্রের মাধ্যমে সার্ট বিষয়ে দেশের মানুষকে জানাতে এবং সাইবার সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবো বলে যুক্ত হয়েছি। আমি অনেক কাজ করেছি, তবে এ ধরনের চরিত্রে এবারই প্রথম পর্দায় হাজির হবো।'

এছাড়াও এ ছবিতে কাজের সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন তিনি। গত ২৬ ফেব্রুয়ারি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ছবিটির ঘোষণা দেন।

Advertisements

 

 

 

Advertisements